তেলেঙ্গানায় সড়কে প্রাণ গেল ১৫ জনের
ভারতের তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ জেলায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী ও সাত শিশু রয়েছে।
আদিলাবাদ শহর পুলিশের তত্ত্বাবধায়ক তরুণ যোশি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আদিলাবাদের উপকণ্ঠ ভাইনসা এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোর (টেম্পোজাতীয়) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা ১৪ জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, অটোতে ১৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজনকে জীবিত আনেন। তাঁদের নিজামাবাদ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তরুণ যোশি বলেন, নিহত ব্যক্তিরা ওই অটোটি ভাড়া করে মন্দিরে যাচ্ছিলেন। পথে সড়কে তাঁদের প্রাণ যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ১৫ জনের বাড়ি মহারাষ্ট্র রাজ্যের নানদেদ জেলায়। তাঁদের কয়েকজন নিজামাবাদের ইটভাটায় কাজ করতেন।

অনলাইন ডেস্ক