থানায় নালিশ করতে গিয়ে পুলিশকে মালিশ!
থানায় নালিশ করতে গিয়ে পুলিশকে মালিশ করতে হলো এক নারীকে। অভিযোগ করতে যাওয়া এক নারীকে দিয়ে নিজের শরীর মালিশ করিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশের সমালোচনাও করেছেন অনেকেই।
ভারতের উত্তরপ্রদেশের হরদোই জেলার একটি থানায় গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় হেনস্তার শিকার হওয়া নারীর বরাত দিয়ে জিনিউজ জানায়, হরদোই জেলার কুন্নঘাট থানায় একটি চুরির অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই নারী। ওই সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে বলেন, অভিযোগ নেওয়া হবে যদি তিনি তাঁর গা মালিশ করে দেন। নারীকে একপ্রকার জোরও করা হয় বলে অভিযোগ। উপায় না দেখে নারী ওই পুলিশ কর্মকর্তার শরীর মালিশ করেন।
এদিকে, ছবিটি হু হু করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এবং মেসেজিং সাইটগুলোতে ছড়িয়ে পড়ে। নিন্দায় সরব হয় নানা মহল। স্থানীয় মহিলা সমাজকর্মীরা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন। স্মারকলিপি পাঠানো হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও।
তবে হরদোইয়ের কুন্নঘাট পুলিশের দাবি, এ অভিযোগ সত্য নয়। ওই নারী অভিযোগ দায়ের করতেও আসেননি। তিনি একজন দেশি আয়ুর্বেদিক মালিশ তেল বিক্রেতা। যা গেঁটে ব্যথার জন্য উপকারী। ওই দিন তিনি ওই কর্মকর্তাকে দেখাচ্ছিলেন কীভাবে ওই তেল ব্যবহার করতে হবে।

কলকাতা সংবাদদাতা