পশ্চিমবঙ্গে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ানরা। গতকাল বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব বাংলাদেশিদের গ্রেপ্তার করে বিএসএফ।
গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের কাছে ভারতে ঢোকা বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। অভিযোগ, এই বাংলাদেশিরা অবৈধপথে ভারতে ঢুকেছিল।
গ্রেপ্তারকৃত মধ্যে ১৪ জন পুরুষ, দুই জন নারী এবং দুজন শিশু রয়েছেন বলে জানিয়েছে বিএসএফ। আর তাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটা, জয়পুর ও কালীগঞ্জ থানা এলাকায়।
পশ্চিবঙ্গের বসিরহাটে স্বরূপনগর বিএসএফের ৭৬ নম্বর ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, কাজের খোঁজে এই বাংলাদেশিরা চোরাপথে ভারতে ঢুকেছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। স্থানীয় কিছু দালালের মাধ্যমে অবৈধভাবে চোরাপথে তারা ভারতে ঢোকে বলে অভিযোগ।
এদিকে আজ শুক্রবার দুপুরে ধৃত ১৮ জন বাংলাদেশিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। একসঙ্গে এত বাংলাদেশি গ্রেপ্তার প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিক্ষিপ্তভাবে বেশ কিছু বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশের রাজধানী ঢাকায় জঙ্গি হামলার পর ভারতে অবৈধ প্রবেশ রুখতে বিএসএফের পাশাপাশি জেলা পুলিশও এখন অতিমাত্রায় সক্রিয়।

কলকাতা সংবাদদাতা