অপহরণের ৬ সপ্তাহ পর দেশে ফিরলেন ভারতীয় নারী
অপহরণের ছয় সপ্তাহ পর দেশে ফিরলেন ভারতীয় নাগরিক জুডিথ ডিসুজা। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জুডিথ।
আফগানিস্তানের কাবুলে আগা খান ফাউন্ডেশনের সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে নিযুক্ত ৪০ বছর বয়সী জুডিথ ডিসুজা গত ৯ জুন নিখোঁজ হন।
দিল্লিতে নেমেই জুডিথ দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। এর আগে গতকাল সকালে সুষমা স্বরাজ টুইটারে বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুডিথ ডিসুজাকে উদ্ধার করা হয়েছে।’ জুডিথকে নিরাপদে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করায় আফগান কর্তৃপক্ষেরও প্রশংসা করে তিনি টুইট করেন, ‘জুডিথের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ আফগানিস্তান।’
তবে কারা জুডিথকে তুলে নিয়ে গিয়েছিল বা কেন তুলে নিয়ে গিয়েছিল, তা স্পষ্ট নয়। যারা জুডিথকে তুলে নিয়ে গিয়েছিল, তাদের পরিচয় কী এবং অপহরণের পর এত দিন জুডিথ কোথায় ছিলেন, সেসব বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি। গত ৯ জুন কাবুলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার দপ্তরের সামনে থেকে তাঁকে কয়েকজন জঙ্গি অপহরণ করে। ডিসুজার মাথায় বন্দুক ঠেকিয়ে নিজেদের গাড়িতে তাঁকে উঠতে বাধ্য করে জঙ্গিরা। এ বিষয়ে জুডিথের গাড়ির চালক ও তাঁর দপ্তরের সামনে মোতায়েন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় তালেবান জঙ্গি সংগঠনের কোনো যোগ নেই বলে জানিয়ে দেয় কাবুল প্রশাসন।
এদিকে, জুডিথকে দেশে ফিরে পাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানায় জুডিথের পরিবার। এর পরই গত মাসে তাসখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কাছে জুডিথকে উদ্ধারের জন্য আবেদন জানান মোদি। সে সময় জুডিথকে উদ্ধারের জন্য সব রকমের সহায়তা দেন গনি।

মনোজ বসু, কলকাতা