গোমাংস খাওয়ায় দলিতকে মারধর
গোমাংস খাওয়ার অভিযোগে ভারতে আবারও দলিত নিগ্রহের ঘটনা ঘটল। এবারে কর্নাটক রাজ্যের ছিক্কামাগালুরু জেলার কোপ্পা গ্রামে গরুর মাংস রান্না করার অভিযোগে এক দলিত সম্প্রদায়ের পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল।
ভারতীয় গনমাধ্যম সূত্রে খবর, গত ১৭ জুলাই গোমাংস খাওয়ার অপরাধে ওই দলিত সম্প্রদায়ের পরিবারের চার সদস্যের ওপর চড়াও হয় হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দলের ৩০ জন সদস্য। হামলায় ওই পরিবারের ৫৩ বছর বয়সী এক সদস্যের হাত ভেঙে যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তফসিলি জাতি এবং উপজাতি আইন-২০১৫ অনুযায়ী সাতজন অভিযুক্তকে এরই মধ্যে আটক করা হয়েছে।
এ ঘটনার কিছুদিন আগে গুজরাটের রাজধানী আমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে উনা জেলায় গোহত্যার অভিযোগে চার দলিত যুবককে হেনস্থা করার অভিযোগ ওঠে স্থানীয় গোরক্ষা কমিটির সদস্যদের বিরুদ্ধে।
মৃত গরুর চামড়া কাটার অভিযোগে ওই চার দলিতকে মারধরের পাশাপাশি তাদের নগ্ন করে গাড়ির পিছনে বেঁধে কয়েক কিলোমিটার নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এরপর ওই ভিডিওটি সামাজিক যোগযোগাযোগের ওয়েবসাইটে পোস্ট করা হলে ক্ষোভে ফেটে পড়ে দলিত সম্প্রদায়ের মানুষরা। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। এমনকি ভারতে সংসদও এই বিষয় নিয়ে উত্তাল হয়।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেও গরুর মাংস খাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের দাদরিতে মহম্মদ আকলাখ (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে।

কলকাতা সংবাদদাতা