বর্ষা সুন্দরীর খোঁজে
‘দুই বাংলা খুঁজছে তোমায়। কে হবে সেরা বর্ষা সুন্দরী!’ এই সুন্দরীর খোঁজেই কলকাতায় শুরু হলো ইন্দো-বাংলাদেশ যৌথ ২০১৬ ফ্যাশন শো প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী’। আজ রোববার কলকাতার ইস্টার্ন বাইপাসের পাশে স্প্রিং ক্লাবে এই বর্ষা সুন্দরী ফ্যাশন শোর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলকাতার ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এবং ঢাকার প্ল্যাটফর্ম নামে দুই সংস্থার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই বাংলার সেরা ১০ জন বর্ষা সুন্দরীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগিনীকে। দুই বাংলার মডেলদের মধ্যে থেকে বর্ষা সুন্দরী বেছে নেওয়ার কাজ করবেন মূলত সেলিব্রেটিরা।
কলকাতার ৫০০ জন প্রতিযোগির মধ্যে থেকে ৫০ জনকে বেছে নেওয়া হয়। রোববার সেই ৫০ জনের ভিতর থেকে চূড়ান্ত পর্বের জন্য ১০ জনকে মনোনীতও করা হয়। এদিন বিচারের দায়িত্বে ছিলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীসহ ফ্যাশন জগতের দিকপালরা।

এর আগে ৫০০ প্রতিযোগিদের মধ্য থেকে বিভিন্ন পর্বে বাছাইয়ের সময় কলকাতার বুকে বিচারকের আসনে দেখা গেছে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পাল, অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্তের মতো একাধিক সেলিব্রেটিদের। রবিবার চূড়ান্ত পর্বের জন্য বাছাই ১০ প্রতিযোগির বিচারের দায়িত্বে টলিউডের তারকাদের সঙ্গে ছিলেন ঢাকার তারকারও। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফ্যাশন ফটোগ্রাফার আদনান,কমেডিয়ান গৌতমের মতো অনেককেই।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে ঢাকাতে খুঁজে নেওয়া হবে চূড়ান্ত পর্বের জন্য ১০ জন বর্ষা সুন্দরীকে। তারপর হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।
আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই বর্ষা সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে দুই বাংলা থেকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা মোট ২০ জন বর্ষা সুন্দরী ফাইনালে প্রতিযোগিতায় অংশ নেবেন। এখন পর্যন্ত ঢাকাতে ফাইনাল পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা দেখা দিলে সে ক্ষেত্রে কলকাতাতেই এই বর্ষা সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
‘বর্ষা সুন্দরী’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগিদের জন্য থাকবে নানা পুরস্কার। লক্ষাধিক অর্থমূল্যের পুরস্কারের পাশাপাশি থাকবে দুই বাংলার একাধিক সিনেমায় অভিনয় করার সুযোগও।

কলকাতা সংবাদদাতা