১৫ রুপির জন্য দম্পতিকে হত্যা!
মাত্র ১৫ রুপির (বাংলাদেশি সাড়ে ১৭ টাকা) ঋণের জন্য দলিত সম্প্রদায়ের এক দম্পতিকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এ ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, ঋণের জন্য ভারত নামের দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে শিরশ্ছেদ করা হয় এবং তাঁর স্ত্রী মমতাকে কুপিয়ে হত্যা করা হয়। দুজনকে হত্যার দায়ে তাঁদের চেয়ে উঁচু সম্প্রদায়ের এক মুদি দোকানি আশোক মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের মানপুর জেলার ভারত-মমতা দম্পতি কাজে যাওয়ার পথে তাঁদের কাছে পূর্বে কেনা তিন প্যাকেট বিস্কুটের দাম চান মুদি দোকানি অশোক মিশ্র। কয়েক দিন আগে ওই দম্পতি ছেলেমেয়েদের জন্য ওই বিস্কুট কিনেছিলেন। সন্ধ্যায় কাজ শেষে পাওয়া অর্থ থেকে বিস্কুটের দাম দেওয়ার কথা বলেন ওই দম্পতি।
পুলিশ জানায়, ভারত-মমতা দম্পতি মাঠের দিকে হাঁটা ধরলেও তাঁদের প্রতি চিৎকার করতে থাকেন অশোক মিশ্র। এ সময় তিনি কাছেই অবস্থিত নিজ বাড়িতে যান এবং কুঠার নিয়ে ফিরে আসেন। অশোক ফিরে এসে ভারতের ওপর হামলা চালান। কুঠার দিয়ে কয়েকবার তাঁকে আঘাত করেন। স্বামী ভারতকে বাঁচাতে এগিয়ে আসা মমতাকেও কুঠার দিয়ে আঘাত করেন অশোক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নাদিম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ঘটনাস্থলেই ভারত ও মমতার মৃত্যু হয়।
ঘটনার পরপরই দলিত সম্প্রদায়ের মানুষ এলাকার সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানায়।
ভারতের দলিতরা আগে অস্পৃশ্য বলে পরিচিত ছিল। ভারতের শ্রেণি সম্প্রদায়ের সর্বনিম্ন স্তরে তারা। বিভিন্নভাবে উঁচু সম্প্রদায়ের মানুষের হাতে তারা নির্যাতনের শিকার হয়।
চলতি মাসের শুরুতেই গুজরাট রাজ্যে মৃত গরুর চামড়া ছাড়াতে গিয়ে দলিত সম্প্রদায়ের চার ব্যক্তি গরু রক্ষাকারীদের হাতে নির্যাতনের শিকার হন।
এর আগে চলতি বছরের মার্চে তামিলনাডু রাজ্যে উঁচু সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করায় খুন হন দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি। প্রকাশ্য দিবালোতে এই হত্যাকাণ্ড চালান ওই মেয়ের বাবা।

অনলাইন ডেস্ক