জাতীয় সংগীত কী, ছাত্র-প্রধান শিক্ষক কেউই জানে না!
স্কুলে জাতীয় সংগীত কেন গাওয়া হয় না? এই প্রশ্নের জবাব প্রথমেই দিতে পারেননি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের খঞ্জরপুর জেলার সেন্ট জনস সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক। পরে স্কুল পরিদর্শকের প্রশ্নের জবাবে ওই শিক্ষক জানান তিনি আসলে জাতীয় সংগীত কোনটা এটা জানেনই না।
গত বুধবার উত্তরাখণ্ডের উপজাতি অধ্যুষিত এলাকা খঞ্জরপুরে গিয়ে এমন অদ্ভুত ঘটনা দেখেন ওই স্কুল পরিদর্শক। স্কুল পরিদর্শক চিগমা জিংসিংয়ে টাইমস অব ইন্ডিয়াকে জানান, খুব সাধারণভাবেই তিনি ছাত্রদের পড়াশোনার উৎকর্ষ তিনি জাতীয় সংগীত কী জানতে চেয়েছিলেন। এবং তিনি খুব বিস্ময়ের সঙ্গে দেখেন কেউই জাতীয় সংগীত কী বলতে পারছে না। পরে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করা হলে তিনিও আমতা আমতা করতে থাকেন।
প্রিন্সিপালের সাফাই, জাতীয় সংগীত তিনি জানেন না। তবে লিখে দিলে বলতে পারবেন। এ ছাড়া প্রধান শিক্ষক জানান, ওই স্কুলে গত ২৫ বছর ধরে গাওয়া হয়নি জাতীয় সংগীত। তাঁর পূর্বসূরিরা কেউই জাতীয় সংগীত গাওয়া চালু করেননি।
এদিকে এই খবর সামনে আসতেই উত্তরাখন্ডের রাজনীতিকরাও সরব হয়েছেন। স্থানীয় বিজেপি নেতা মদন কৌশিক স্কুলে জাতীয় সংগীত না গাওয়াকে সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন। স্কুলে জাতীয় সংগীত না গাওয়ার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেসও। কংগ্রেস নেতা অমরীশ কুমার জানান, মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের সঙ্গে তিনি কথা বলবেন এবং তদন্তের আর্জি জানাবেন।
এদিকে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্কুলের জাতীয় সংগীতকে সম্মান করা দরকার এবং পড়ুয়াদের তা জানা দরকার। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।

অনলাইন ডেস্ক