ভারতে নারীসহ নয় বাংলাদেশি গ্রেপ্তার
ভারতে এক নারীসহ নয় বাংলাদেশিকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হাসনাবাদ-শিয়ালদহ শাখার অনন্তপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই নয়জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত বাংলাদেশিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বসিরহাট থানার পুলিশ জানতে পেরেছে,তাঁরা ভারতের চেন্নাইতে ঠিকা শ্রমিকের কাজে যাওয়ার জন্য এসেছিল। বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে দালাল ধরে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে ঢোকে এই নয়জন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশিদের নাম মুকুল হোসেন, সফিকুল সরদার, রায়হান ইসলাম, মিজানুর রহমান, আব্দুল গনি, জামসেদ গাজী, জিয়ারুল ইসলাম, হাসান আলী ও ফাতেমা বিবি। তাঁদের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও কলারোয়া থানার বিভিন্ন এলাকায়।
বসিরহাট থানার পুলিশ কর্মকর্তা দেবাশীষ চক্রবর্তী জানান, এদিন ভোরে অনন্তপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এরা ইতস্তত ঘোরাফেরা করছিল। যা দেখে স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। এর পরই তারা পুলিশে বিষয়টি জানালে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

কলকাতা সংবাদদাতা