মৃত সন্তান নিয়ে রাতভর হাসপাতালের বাইরে মা
মৃত শিশুসন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবেন এক নারী। কিন্তু বিপুল অঙ্কের অর্থ ছাড়া যাবে না অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে হাসপাতালের বাইরেই মৃত সন্তানকে নিয়ে রাত কাটালেন ওই মা।
গত সপ্তাহে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাট শহরে এ ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্স চালকের স্বেচ্ছাচারিতার শিকার নারীর নাম ইমরানা।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে ইমরানা বলেন, দুই বছরের মৃত কন্যাসন্তানসহ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চেয়েছিলেন তিনি। ৫০ কিলোমিটার দূরের বাড়িতে যেতে অ্যাম্বুলেন্স চালক চাইল দেড় হাজার রুপি। অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ জরুরি সহায়তা নম্বরে ফোন করেছিলেন তিনি।
এএনআই জানায়, ঘটনার পরদিন সকালে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে মৃত সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন ইমরানা।
এনডিটিভি জানায়, এ ঘটনায় ভারতের চিকিৎসাব্যবস্থা এবং মানবিক সহায়তা নিয়ে আবার প্রশ্ন উঠল।
এর আগে ভারতের উড়িষ্যা রাজ্যে আর্থিক সামর্থ্য না থাকায় স্ত্রীর মরদেহ ঘাড়ে বয়ে ১৬ কিলোমিটার পথ পাড়ি দেন এক ব্যক্তি। একই রাজ্যে অপর একটি ঘটনায় হাসপাতালের যানের অভাবে মরদেহ ভেঙে ছোট করে কাঁধে নিয়ে যান স্বজনরা। এসব ঘটনায় ভারতের চিকিৎসা খাতে সরকারি অব্যবস্থাপনার তীব্র সমালোচনা হয়।

অনলাইন ডেস্ক