ভারতে ঈদ উদযাপন চলছে, কাশ্মীরে কারফিউ
ভারতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের দিনেও কাশ্মীরে চলছে কারফিউ। রাস্তাঘাট ছিল জনশূন্য।
আজ মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এ ছাড়া ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শুভেচ্ছাবার্তায় বলেন, ‘ঈদ হলো বিশ্বাস, ক্ষমা এবং আত্মত্যাগের উৎসব। এই মহৎ দিনে আমাদের মনে রাখা উচিত হজরত ইব্রাহিমের আত্মবলিদানের কথা। সেখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত।’
ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারিও এদিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একইভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। ঈদের সময় ভারতের প্রতিটি মানুষের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে ঈদে ভ্রাতৃত্বের বন্ধন আরো অটুট করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
কলকাতায় কোরবানি
সারা ভারতের পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গেও ধর্মীয় রীতি মেনে পালিত হলো ঈদুল আজহা। কলকাতার রেড রোড, পার্ক সার্কাস, রাজাবাজার, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদসহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ হয়। সেই সঙ্গে ঈদের আনন্দে মেতে ওঠেন মানুষ। বিশেষ করে, শিশুদের আনন্দ ছিল নজরে পড়ার মতো। কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও এদিন পালিত হয় ঈদ উৎসব।
ঈদের জামাতের পাশাপাশি বিভিন্ন স্থানে কোরবানি দেওয়া হয়। পবিত্র ঈদুল আজহায় ধর্মপ্রাণ মুসলমানরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এদিন কোরবানি দেন।

কলকাতা সংবাদদাতা