সীমান্তে পাকিস্তানের বিমান, ভারতের উচ্চ সতর্কতা
পাকিস্তানের মাটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ একদিন পরে রাজস্থান সীমান্তে কিছু ‘চালকহীন বিমান (ইউএভি)’ দেখতে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মানুষহীন এই বিমানগুলো পাকিস্তানের। এই ঘটনার পর রাজস্থান সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতের বিমানবাহিনী (আইএএফ) এবং সীমান্তরক্ষী বাহিনী এই সতর্কতা জারি করেছে।
ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। এর আগে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর সীমান্তে উচ্চ সতর্কতা জারি ছিল। ‘চালকহীন বিমান’ দেখতে পাওয়ার পর এবার রাজস্থান সীমান্তেও উচ্চ সতর্কতা জারি হলো।
ভারত-পাকিস্তানের সীমান্তে এখন পুরোপুরি যুদ্ধাবস্থা। ভারত পাকিস্তান দুই সীমান্তেই খালি করা হচ্ছে গ্রাম। সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামের মানুষদের। এ ছাড়া ছুটিও বাতিল করা হয়েছে ভারতীয় সেনাদের।
বৃহস্পতিবার সকালে কাশ্মীরে উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পাল্টা জবাবে পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকে বিশেষ সেনা অভিযান চালানোর দাবি করেছে ভারত। পাকিস্তান অবশ্য দাবি করেছে, এই অভিযানের ঘটনা পুরোপুরি বানোয়াট। সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে মারা গেছেন দুই পাকিস্তানি সেনা। তবে পাকিস্তানের অভ্যন্তরে অন্তত সাতটি জঙ্গিঘাঁটিতে হামলা চালানোর ভিডিও ফুটেজও আছে বলে দাবি ভারতের। সেনাবাহিনী কীভাবে সেই হামলা পরিচালনা করেছে, তার বর্ণনা দেওয়া হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

অনলাইন ডেস্ক