মাওবাদীদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নিহত ২
ভারতের পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে দুই বিদ্রোহী নিহত হয়েছেন। ভারতীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার বাসস এক খবরে জানিয়েছে, উড়িষ্যা রাজ্যের গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালে দুজন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। একই এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক হামলার কয়েকদিন পর এ অভিযান চালানো হলো।
পুলিশ জানায়, গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালে সন্দেহভাজন দুই বিদ্রোহীর সন্ধান পাওয়ার পর তারা সেখানে হামলা চালায়। এতে ওই দুই সন্দেহভাজন নিহত হয়। সোমবার এ জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮ জন নিহত হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল বিদ্রোহীদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা।
হামলা স্থল উড়িষ্যা রাজ্য থেকে টেলিফোনে সাব-ইন্সপেক্টর সি কে ধারুয়া এএফপিকে বলেন, সোমবারের বন্দুকযুদ্ধের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
গত সন্ধ্যায় অভিযান চলাকালে এনকাউন্টারে আরো দুই মাওবাদী বিদ্রোহী নিহত হয়।
ভারতের কমপক্ষে ২০টি রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। তারা নিজস্ব ভূমি, চাকরি ও নিজেদের অধিকার আদায়ে কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।

অনলাইন ডেস্ক