মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
মালয়েশিয়ার পেরাক রাজ্যে পুলিশি অভিযানে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিক বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই ব্যক্তি কথা বলতে বা লিখতে না পারায় তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি পেরাক রাজ্যের একটি সরকারি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৭ ডিসেম্বর মালয়েশিয়ান পুলিশ পেরাক রাজ্যের তেলোক ইনতান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। আটকের সময় তিনি অত্যন্ত অসুস্থ থাকায় পুলিশ তাকে পেরাক রাজ্যের ‘হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তাতে’ ভর্তি করে।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়ে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশনের একজন প্রতিনিধি সেখানে তাকে দেখতে যান। পরিদর্শনকালে দেখা যায়, ওই ব্যক্তি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এবং কোনো কিছু লিখতেও পারছেন না। ফলে তার নাম, ঠিকানা বা আত্মীয়স্বজন সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তি বর্তমানে মানসিকভাবে সুস্থ নন। তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য দীর্ঘমেয়াদী নিবিড় চিকিৎসা ও নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন।
বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে। যদি কেউ ওই ব্যক্তির পরিচয়, তার কর্মস্থল বা পরিবারের কোনো সদস্যের সম্পর্কে তথ্য জেনে থাকেন, তবে দ্রুত হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। মানবিক এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে সব প্রবাসী বাংলাদেশির সহযোগিতা কামনা করেছে দূতাবাস।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া