ওমরাহ ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ
পবিত্র ওমরাহ পালন শেষে ওমরাহ যাত্রীদের চলতি মাসের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার জোরালো নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। আজ বুধবার (২৫ মার্চ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমরাহ ভিসাধারীদের দেশত্যাগের চূড়ান্ত সময়সীমা ১৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। আসন্ন ২০২৬ সালের হজের কার্যক্রম নির্বিঘ্ন করতেই এই কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব ওমরাহ যাত্রী সৌদিতে অবস্থান করবেন, নাগরিক বা প্রবাসীরা তাদের কোনোভাবেই পরিবহণ, কর্মসংস্থান বা আশ্রয় দিয়ে সহায়তা করতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা, কারাদণ্ড এবং দেশান্তর (ডিপোর্টেশন) সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে যে, কেউ মেয়াদের অতিরিক্ত অবস্থান করলে দ্রুত কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে; অন্যথায় প্রতিষ্ঠানগুলোকেও বড় অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হবে।
বিবৃতিতে ওমরাহ যাত্রীদের সময়মতো বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রস্থানের অন্তত চার ঘণ্টা আগে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে।
২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু করার জন্য চলতি মৌসুমে ১৯ মার্চ থেকে নতুন ওমরাহ ভিসা প্রদান বন্ধ রেখেছে সৌদি আরব। ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ ছিল ২ এপ্রিল। হজ কার্যক্রম শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ শুরু হবে। ধারণা করা হচ্ছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে ১৪৪৮ হিজরি সনের নতুন ওমরাহ মৌসুমের যাত্রা শুরু হবে।

কামাল পারভেজ অভি, মক্কা