শিশুদের সোশ্যাল অ্যাকাউন্ট খোলার বিষয়ে নিষেধাজ্ঞা ‘পুরোপুরি’ না মানার অভিযোগ অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফেসবুক, ইনস্টগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে। কর্তৃপক্ষের অভিযোগ, এসব প্ল্যাটফর্মগুলো ১৬ বছরের কম বয়সী অস্ট্রেলীয় শিশুদের এগুলোর ব্যবহার থেকে দূরে রাখতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) ই-নিরাপত্তা কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এ বিষয়ে জানান। প্রতিবেদনে তিনি ১০টি প্ল্যাটফর্মকে ১৬ বছরের কম বয়সী সকল অস্ট্রেলীয় শিশুদের অ্যাকাউন্ট মুছে ফেলার নির্দেশ দেন।
বিশেষজ্ঞদের মতে, গত ১০ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম আইনের আওতায় ওই প্ল্যাটফর্মগুলো কী কী যুক্তিসঙ্গত পদক্ষেপ নেবে, তা নির্ধারণ করার ক্ষমতা রাখবে অস্ট্রেলিয়ার আদালত।
জুলি ইনম্যানের রিপোর্টে বলা হয়, প্রায় ৫০ লাখ অস্ট্রেলীয় শিশুর অ্যাকাউন্ট বন্ধ করা হলেও অনেক শিশু এখনও তাদের অ্যাকাউন্টটি ধরে রেখেছে। তারা পুনরায় অ্যাকাউন্ট তৈরি করছে এবং প্ল্যাটফর্মগুলোতে আ্যাকাউন্ট খোলার সময় প্রদত্ত বয়স যাচাই পর্বও কোনোরকম বাধাবিপত্তি ছাড়াই পাস করে যাচ্ছে।
জুলি ইনম্যান বলেন, ‘ওই ১০টির মধ্যে অন্তত পাঁচটি প্ল্যাটফর্মের কমপ্লায়েন্স নিয়ে তাদের ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে। তার দপ্তর ইতোমধ্যে এই পাঁচটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে, কারণ এই প্ল্যাটফর্মগুলো শিশুদের অ্যাকাউন্ট খোলার বিষয় সম্পর্কিত নিষেধাজ্ঞা পালনে যথেষ্ট উদাসীনতা দেখাচ্ছে। এই আইন না মানলে আদালত সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করতে পারে। ই-নিরাপত্তা সংস্থা খুব দ্রুতই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)