মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু, রেকর্ড পুরস্কার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত চলবে এই আয়োজন।
এবারের আসরে বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন, যা এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।
মুসলিম তরুণ প্রজন্মকে পবিত্র কোরআন মুখস্থ করা, অনুধাবন এবং তিলাওয়াতে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে বিশ্বমঞ্চে কোরআনের সেবক ও হাফেজদের সম্মান জানানো এবং এ ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা তুলে ধরা এর অন্যতম উদ্দেশ্য।
প্রতিযোগিতার চার দশকের ইতিহাসে এবারই প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। নারী বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে। অন্যদিকে পুরুষদের চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পবিত্র মক্কার মসজিদুল হারামে।
মোট পাঁচটি ক্যাটাগরিতে আয়োজিত এই প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল (প্রায় ২৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার), যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।

কামাল পারভেজ অভি, মক্কা