ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। মক্কার বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) একই ধরনের নির্দেশনাসহ সতর্কবার্তা প্রকাশ করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অঞ্চলটিতে চরম প্রতিকূল আবহাওয়া বিরাজ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সাধারণ অধিবাসীদের চরম সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে জলমগ্ন এলাকা, নিম্নাঞ্চলের উপত্যকা ও বাঁধের আশপাশ থেকে দূরে অবস্থান করতে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। ‘রেড অ্যালার্ট’ হলো আবহাওয়া দপ্তরের সর্বোচ্চ সতর্কবার্তা, যা চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জারি করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশজুড়ে আবহাওয়া অস্থিতিশীল রয়েছে এবং থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে।
এর আগে গত ২১ আগস্ট দেশটির আল-আরদিয়াত এবং আল-কুনফুধা প্রদেশেও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে অনুরূপ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সে সময় প্রবল বাতাসের পাশাপাশি শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক পাহাড়ি বন্যার ঝুঁকির কথা জানিয়েছিল দেশটির আবহাওয়া দপ্তর।

কামাল পারভেজ অভি, মক্কা