কালজয়ী কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ, বাংলা একাডেমিতে স্মরণসভা
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ, 'সোনালী কাবিন' এর স্রষ্টা কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৫ ফেব্রুয়ারি)। ২০১৯ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে তিনি বাংলা কবিতাকে দিয়েছেন নতুন এক ভাষা ও আঙ্গিক।
স্মরণানুষ্ঠানের আয়োজন কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় বাংলা একাডেমির 'আল মাহমুদ কর্নারে' এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা অংশ নেবেন। সভায় কবির জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
১৯৫০-এর দশকে বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ এবং পশ্চিম পাকিস্তানি সরকারের শোষণের বিরুদ্ধে আল মাহমুদের কলম ছিল অত্যন্ত সোচ্চার। তিনি আধুনিক বাংলা কবিতাকে লোকজ উপাদান, গ্রামীণ জীবনের গভীর চেতনা এবং নতুন বাকভঙ্গিতে সমৃদ্ধ করেছেন। তাঁর লেখায় একাধারে উঠে এসেছে রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং মানুষের অধিকারের কথা।
পেশাগত জীবনে সাংবাদিক আল মাহমুদ তাঁর সৃজনশীল কাজের জন্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর কালজয়ী সৃষ্টিসমূহ বর্তমান প্রজন্মের কবি ও সাহিত্যিকদের জন্য প্রতিনিয়ত অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

এনটিভি অনলাইন ডেস্ক