সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু-বৈসু উৎসব শুরু
বান্দরবানে সাঙ্গু নদীর পানিতে ফুল ভাসিয়ে উৎসর্গের মাধ্যমে চাকমা সম্প্রদায়ের বিজু এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বৈসু উৎসব শুরু হয়েছে।
আজ রোববার সকালে সাড়ে সাতটায় বান্দরবানের বালাঘাটা পুরানো নদীঘাট এলাকায় গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল ভাসাতে অংশ নেয় চাকমা-তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুন-তরুণী, শিশু কিশোর এবং বিভিন্ন বয়সের শতশত নারী-পুরুষ।
স্থানীয় চাকমা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়রা জানায়, নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় জানানোর সামাজিক এই উৎসবকে চাকমা সম্প্রদায় বিজু এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বৈসু নামে যুগযুগ ধরে পালন করে আসছে। এবারও তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে জেলা সদরের বালাঘাটা ও মাঝেরপাড়া এলাকায়। এছাড়াও পাহাড়ী পল্লীগুলোতে। উৎসবের প্রথমদিনে পার্বত্য চট্টগ্রামের চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা ভোর বেলায় ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে ঘুরে ফুল সংগ্রহ করেন। সংগ্রহের পর ফুলের একটি অংশ মন্দিরে গৌতম বুদ্ধের প্রার্থণায় ব্যবহার করে।
আরেকটি অংশ নদীতে বা পানিতে অবস্থানরত গঙ্গা মায়ের চরণে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গলময় সুন্দর জীবন গড়তে নদীতে ফুল ভাসিয়ে উৎসর্গ বা প্রদর্শণ করা হয়। এটিকে নদীতে ফুল ভাসানো বলেও সম্মোধন করে।
উৎসবে ফুল ভাসাতে আসা চাকমা সম্প্রদায়ের তরুণী লিলি চাকমা, জয়ন্তি তঞ্চঙ্গ্যা বলেন, উৎসবের প্রথমদিনে নদীতে ফুল ভাসিয়ে উৎসর্গের মাধ্যমে পুরনো বছরের যতসব অমঙ্গল এবং দু:খকষ্ট গ্লানী ভাসিয়ে দেয়া হয়। পরেরদিন ধূয়ে মূছে ফুল দিয়ে ঘর সাজানোর মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করা হয়। এটি চাকমা-তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের প্রধান সামাজিক ঐতিহ্যগত উৎসব যুগযুগ ধরেই পালন করে আসছে। এছাড়াও পাহাড়ী পল্লী গুলোতে বাড়িতে বাড়িতে চলে ঐতিহ্যবাহী পাচন'সহ মজাদার সব খাবার তৈরি করে অতিথিদের আপ্প্যায়ন। বিহারগুলোতে ধর্মীয় প্রার্থনা, বয়স্কদের প্রণাম করে আর্শীবাদ গ্রহণ। দল বেধে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা ঘুরে বেড়ানো আনন্দ করা।
উৎসব আয়োজন কমিটির সমন্বয়ক উজ্জ্বল তঞ্চঙ্গা বলেন, পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের বর্ষবরণের প্রধান এই সামাজিক উৎসব'কে সমষ্টিগত ভাবে বলা হয় বৈসাবী।
এ উৎসবকে চাকমাদের ভাষায় বিজু, তঞ্চঙ্গ্যাদের ভাষায় বিসু, ত্রিপুরাদের ভাষায় বৈসুক, মারমাদের ভাষায় সাংগ্রাই, নামে ডাকা হয়। এরমধ্যে বৈসুকের ‘বৈ’, সাংগ্রাইয়ের ‘সা’ ও বিজু, বিষু থেকে ‘বি’ নিয়ে উৎসবটি সংক্ষেপে ‘বৈসাবি’ বলা হয়।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান