কবি ‘বন্দে আলী মিয়ার সাহিত্যকর্মে সমকালীন সমাজ’ গ্রন্থের মোড়ক উন্মোচন
বর্ণাঢ্য আয়োজনে পাবনায় কবি ‘বন্দে আলী মিয়ার সাহিত্যকর্মে সমকালীন সমাজ’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলার দুই শতাধিক লেখক, কবি, গবেষক ও গুণীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।
শুরুতে সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. রুহুল আমিন তাঁর রচিত গ্রন্থ সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য ও আলোচনা করেন। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।
দ্বিতীয় পর্বে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এ সময় গ্রন্থটির ওপর বিস্তারিত আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম তোফাজ্জল হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, লেখক, কবি, গবেষক ও পাবনার বিশিষ্টজনেরা।

এ বি এম ফজলুর রহমান, পাবনা