প্রকাশিত হলো সৈয়দ রিয়াজুর রশীদের গল্পসংকলন ‘সব চরিত্র অলীক বাস্তব মানবীয়’
কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদের বাছাই করা গল্পের সংকলন ‘সব চরিত্র অলীক বাস্তব মানবীয়’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটি বাজারে এনেছে পানকৌড়ি প্রকাশন। নান্দনিক প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সোহেল আনাম। বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।
সৈয়দ রিয়াজুর রশীদের এই গল্পগ্রন্থে ছোটগল্পসমূহের ক্যানভাস সমগ্র বাংলাদেশ ঘিরে বিস্তৃত। এতে গভীর মমতায় ফুটে উঠেছে এ জনপদের মানুষ, সংস্কৃতি, ইতিহাস, নৃতত্ত্ব ও মিথ-পুরাণ-লোকায়ত জীবনসংগ্রাম। একই সঙ্গে গল্পের বাঁকে বাঁকে প্রতিফলিত হয়েছে আমাদের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও মানুষের ভেতরের বহুমাত্রিক মানচিত্র।
রূঢ় বাস্তবতার চিত্রায়ণ, মানুষের মনের অন্তঃস্থলে খেলা করা মনস্তাত্ত্বিক সংশ্লেষ এবং তথাকথিত সত্য-সুন্দর, ন্যায়-নৈতিকতার প্রগাঢ়তা ও স্ববিরোধীতার গল্পগাথা ফুটে উঠেছে এই গ্রন্থে। প্রচলিত কোনো নির্দিষ্ট ফর্ম বা আঙ্গিকের প্রতি দায়বদ্ধহীনতা এবং নিজের তৈরি ফর্মকেও অবলীলায় অস্বীকারের সহজিয়া মানসিকতা তাঁর লেখায় সহজাত। এই অর্থে লেখক নিজেকে বিবর্তনবাদী হিসেবেই প্রকাশ করেন। গল্পে তিনি কেবল প্রতিকৃতি আঁকিয়েই ক্ষান্ত হন না; বরং এমনভাবে সমাপ্তি টানেন, যেন দৃশ্যমান গল্পের পরেও থেকে যায় আরেকটি অদৃশ্য গল্প। গদ্যের সাথে সন্ধি করে শব্দের সীমানা ছাড়িয়ে স্তরভিত্তিক কাহিনী নির্মাণ তাঁকে দিয়েছে এক ভিন্নমাত্রার স্বকীয়তা।
গ্রিক সাহিত্যের নির্ধারিত ‘নেমেসিস’ বা নিয়তির বিপরীতে গিয়ে লেখক এখানে নিয়তিকেও যেন নিজের মতো নিয়ন্ত্রণ করেন। ন্যায়-নীতিনির্ভর সাহিত্য সৃষ্টির সুবিধাবাদী মত-পথকে ভেঙে কঠিন সত্যের নির্যাস বের করে তিনি পাঠকের সামনে মেলে ধরেছেন। দেখিয়ে দিয়েছেন, নীতি-নৈতিকতা ও আদর্শের বুলি আওড়ে সুবিধাবাদীরা কীভাবে সমাজকে শোষণ ও প্রতারিত করে চলেছে। বইটি পাঠে সাধারণ পাঠক যেমন তীব্র নস্টালজিয়া অনুভব করবেন, তেমনি এর সাহিত্যরস ও সমাজভাবনা নিঃসন্দেহে তাদের গভীর মনোযোগ আকর্ষণ করবে।

এনটিভি অনলাইন ডেস্ক