করোনার উপসর্গ নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু
করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেলেন ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান। যদিও তাঁর করোনা পরীক্ষার ফলাফলে ‘নেগেটিভ’ এসেছিল। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
গতকাল রাতে আসলাম রহমানের শ্বাসকষ্ট বাড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন।
ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আসলাম বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর করোনার উপসর্গ জ্বর-কাশি উপসর্গ ছিল। গত চারদিন আগে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরে তাঁর রিপোর্ট আসে করোনা নেগেটিভ।’
ইখতিয়ার উদ্দিন আরো বলেন, ‘বৃহস্পতিবার ৯টার দিকে আসলামের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাঁকে বাসা থেকে প্রথমে শান্তিনগর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন। পরে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
আসলামের স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সেখানেই তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন ইখতিয়ার উদ্দিন।
সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে ক্র্যাবের শোক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্র্যাব।
গতকাল ক্র্যাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকদিন ধরে বাসায় জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উগসর্গে ভুগছিলেন আসলাম রহমান। গত সোমবার তিনি করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,আসলাম রহমানের মৃত্যুতে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ক্র্যাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিজস্ব প্রতিবেদক