কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার লোহারপুল এলাকায় সশস্ত্র ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় ইমন ও জাহাঙ্গীর নামের দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি এলজি, বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) শাহীন কাদির ও জহুরুল হক এবং কনস্টেবল আবদুস সবুর আহত হয়েছেন বলে জানান ওসি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা