কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাজহারুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ছয় সদস্য আহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বুড়িচং উপজেলার পশ্চিমসিং এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মাজহারুল ইসলাম জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাজহারুল ইসলাম গুলিবিব্ধ হয়ে আহত হয়। গোলাগুলির একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে চার-পাঁচটি মামলা রয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা