ভোটে ‘অনিয়মের’ তথ্য কূটনীতিকদের জানাল বিএনপির দুই প্রার্থী
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ‘অনিয়ম’ হয়েছে এমন অভিযোগ করে সেসব তথ্য বিভিন্ন দেশের কূটনীতিকদের অবহিত করেছে বিএনপির মনোনীত দুই মেয়র পদপ্রার্থী।
আজ রোববার বিকেলে গুলশানের একটি হোটেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের দুই পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় দুই প্রার্থী অভিযোগ করেন, ক্ষমতাসীন দল বিভিন্ন স্তরে ভোট কারচুপি করেছে, ভোটকেন্দ্র দখল করে সন্ত্রাসী দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে দেয়নি।
বৈঠক শেষে সাংবাদিকদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির পরাজিত প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশের কূটনীতিকরা সদ্যসমাপ্ত সিটি নির্বাচনের ভোট সম্পর্কে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের আয়োজন করা হয়।’
ধানের শীষের প্রার্থী বলেন, ‘ভোটে বিভিন্ন স্তরে কারচুপি হয়েছে, ভোটকেন্দ্র দখল করে ভোট টিপে দেওয়া থেকে শুরু করে পরবর্তী সময়ে ফলাফল পরিবর্তন করা হয়েছে। সবকিছুই আমরা আমাদের মতো করে তুলে ধরেছি।’
‘একটা কথা আমরা বলতে চাই, এগুলো নিয়ে পরে (ক্ষমতাসীন দল) বলবে, অভিযোগ করবে- আমরা এই অভিযোগ করছি। আমরা কোনো অভিযোগ করছি না, তাঁরা জানতে চেয়েছেন, আমরা তাদেরকে জানাচ্ছি’, যোগ করেন ইশরাক হোসেন।

নিজস্ব প্রতিবেদক