সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতে দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পৃথক পৃথকভাবে গার্ড অব অনার দেয়।
পুষ্পস্তবক অর্পণকালে শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাঁদের স্বাগত জানান তিন বাহিনী প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও মহাপরিচালকরা। সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্ধারিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন। তিনি তাদের হাতে সম্মানী চেক এবং উপহার তুলে দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী নয়জন সেনা, দুজন নৌ এবং তিনজন বিমান বাহিনী সদস্যকে ২০১৮-২০১৯ সালের শান্তিকালীন পদকে ভূষিত করেন।
সংবর্ধনায় প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যে (বাজারে) পেঁয়াজ নেই, লবণ নেই। এটা নেই সেটা নেই। এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করা হয়। আমি জানি এটা (অপপ্রচার) করবে। এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে মোকাবিলা করেই আমাদের চলতে হবে। আমরা সেভাবেই চলছি। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন একটি খাদ্য-উদ্বৃত্ত দেশ।’
মাছ ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার খাদ্য ও পুষ্টির দিকে মনোযোগ দিচ্ছে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি বিজয়ী জাতি। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। (মুক্তিযুদ্ধের গল্প ভাগ করুন) যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে আমরা কীভাবে একটি বিজয়ী জাতি হয়েছি।’
অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের পরিবার, বীরত্বের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ১০১ জন অংশ নেন। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সাথে চা চক্রে মিলিত হন।
এর পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ নৌবাহিনী প্রধান নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। এ ছাড়া, বিমান বাহিনী প্রধান কাল বিমান বাহিনীর এবং সেনাবাহিনী প্রধান ২৫ নভেম্বর সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের পরিবারবর্গের সম্মানার্থে পৃথক পৃথক সংবর্ধনার আয়োজন করবেন।

নিজস্ব প্রতিবেদক