কেশবপুরে ঘনকুয়াশায় উল্টালো পুলিশভ্যান, আহত ১০
যশোরের কেশবপুরে পুলিশের একটি পিকআপভ্যান উল্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে কেশবপুরের সাগরদাঁড়ি সড়কের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম সহিদ, পরিদর্শক (তদন্ত) শেখ মাসুদুর রহমান, উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন চৌধুরী, কনস্টেবল জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, তৌহিদুল ইসলাম, আজাদ হোসেন, আল আমিন, মাহমুদুল ইসলাম ও চালক মোজাফ্ফর হোসেন। আহতরা কেশবপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ নাসের আহম্মেদ বলেন, গত রাতে কেশবপুর সাগরদাঁড়িতে মধুমেলার শেষ দিন অনেক মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন। ওই এলাকার প্রতাপপুর নামক স্থানে কাঠের গুড়ি ফেলে ডাকাতি চেষ্টা হচ্ছে এমন খবর পাওয়া যায়। পরে পুলিশভ্যানে আমরা সেখানে যাই। ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়।
এএসপি আরো বলেন, দ্বিতীয়বার আবার টহলে গেলে সাগরদাঁড়ি সড়কের চৌরাস্তা মোড়ে ঘনকুয়াশার কারণে পিকআপভ্যানটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে পুলিশের ১০ সদস্য আহত হন।

আশরাফ-উজ-জামান খান, কেশবপুর