গোপালগঞ্জে স্নান উৎসবে পদদলিত হয়ে পুণ্যার্থী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে আজ স্নান উৎসবে পদদলিত হয়ে একজন নিহত হন। পুরোনো ছবি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে বারুণী স্নান উৎসবে পদদলিত হয়ে এক পুণ্যার্থী নিহত হয়েছেন।
আজ রোববার উৎসবস্থলের প্রবেশপথে একটি সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সতীশ চন্দ্র মধুর (৬০)। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার কান্দিগ্রাম এলাকায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, নিহত ব্যক্তির লাশ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
ওড়াকান্দিতে স্নান উৎসবে পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনা নতুন নয়। ২০০৫ সালে এই উৎসবে পদদলিত হয়ে সাতজন নিহত হয়েছিলেন।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ