বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয়
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব মোটামুটি সক্রিয় রয়েছে এবং এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে আজ শনিবার বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৪৩টি স্থানে নদ-নদীর পানি বৃদ্ধি
দেশের নদ-নদীর ৪৩টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে। একটি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাওয়া শুরু করতে পারে। অপরদিকে যমুনা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।
সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
পাউবোর ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৩টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে। পাঁচটি স্থানে পানির অবস্থান অপরিবর্তিত রয়েছে। একটি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অনলাইন ডেস্ক