যাত্রীর লাগেজ খুলে মিলল ৩২০ ফেনসিডিল
কুমিল্লার চান্দিনা উপজেলায় গতকাল মঙ্গলবার ফেনসিডিলসহ আটক বাসযাত্রী কাউসার আহমেদ। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাউসার আহমেদ নামের এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর দুটি লাগেজ থেকে ৩২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক কাউসার আহমেদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার সিংগুলা গ্রামে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় কাউসারকে আটক করা হয়। তাঁর সঙ্গে দুটি বড় লাগেজ পাওয়া যায়। পরে লাগেজ খুলে ৩২০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়, যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
এ ব্যাপারে চান্দিনা থানায় মাদক মামলা হয়েছে বলে জানিয়েছেন আলী মাহমুদ।

কাজী রাশেদ, চান্দিনা