দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচল ব্যাহত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চঘাট থেকে আজ দুই ঘণ্টা কোনো নৌযান ছেড়ে যায়নি।
ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা দুপুর ১টার দিকে এনটিভি অনলাইনকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদরঘাট থেকে লঞ্চসহ কোনো যানবাহন ছেড়ে যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এ সিদ্ধান্ত নেয়।
দুপুর ১টার দিকে আবহাওয়া একটু ভালো হওয়ায় এবং নদী তুলনামূলকভাবে শান্ত হওয়ায় নৌযান চলাচল শুরু করে বলে জানান নৌ পরিদর্শক।
সদরঘাট থেকে দেশের বিভিন্ন স্থানের ৪১টি পথে লঞ্চ চলাচল করে থাকে।
আজ ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকালে প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ