বাগেরহাটে হত্যা মামলার আসামির মৃত্যু
বাগেরহাটে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাজতির নাম মো. কহিনুর হাওলাদার (৫৩)। তিনি রামপাল উপজেলার কাটাখালী গ্রামের বাসিন্দা।
বাগেরহাট কারাগারের সুপার মো. গোলাম দস্তগীর জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে আসামি কহিনুর হাওলাদার বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের তাঁর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১১ জানুয়ারি থেকে কহিনুর বাগেরহাট কারাগারে ছিলেন। সদর হাসপাতাল মর্গে তাঁর ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জেল সুপার জানান।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগেরর চিকিৎসক ডা. সাঈদ আহম্মেদ জানান, সকালে বুকে ব্যথা নিয়ে কহিনুর হাওলাদার নামের এক হাজতি সদর হাসপাতালে ভর্তি হন। দুপুরে তিনি মারা যান।

রবিউল ইসলাম, বাগেরহাট