শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে পারাপার শুরু
সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে ৫টা থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করায় ফেরি চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরিগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। এরই মধ্যে শিমুলিয়া ঘাট থেকে ফেরিগুলো গন্তব্যস্থলের দিকে যাত্রা করেছে। তবে মাঝনদীতে পদ্মার বিভিন্ন পয়েন্টে আটকেপড়া ফেরিগুলো এখনো ঘাটে এসে পৌঁছায়নি।
এদিকে, ফেরি ও নৌ চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় বিভিন্ন ধরনের চার শতাধিক গাড়ি ঘাট এলাকায় জমা হয়েছে। ঘাটে থাকা ফেরিগুলো গন্তব্যস্থলের দিকে রওনা করলেও এখনো মাঝনদীতে নোঙর করা ফেরিগুলো ঘাটে পৌঁছেনি। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায়ও যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।
অগ্রাধিকার ভিত্তিতে যানবাহনগুলো পারাপারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ