জয়পুরহাটে বীরপ্রতীকের কবরের নামফলক উন্মোচন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কড়িয়া গ্রামে আবদুর রহমান বীরপ্রতীকের কবরে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়েছে। আজ বুধবার নামফলক উন্মোচন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান।
আবদুর রহমান বীরপ্রতীক তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) সৈনিক ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যশোর সেক্টরের অধীনে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি বীরপ্রতীক উপাধিতে ভূষিত হন। ১৯৭৯ সালে আবদুর রহমান বীরপ্রতীক মারা যান। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, ‘আবদুর রহমানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতেই জয়পুরহাটের ৩ বিজিবির সার্বিক সহযোগিতায় অবহেলিত এই বীর মুক্তিযোদ্ধার কবর পাকাসহ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করে ফলক স্থাপন করা হলো।’
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাটের ৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবদুল খবীর সরকার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন,বিজিবির কড়িয়া ক্যাম্প কমান্ডার আব্দুল জব্বার, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট