শিবচরে সংঘর্ষে গুলিবিদ্ধ পুলিশসহ আহত ১৪
মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধসহ ১৪ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে জেলার মাদবরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ পুলিশ সদস্য হচ্ছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. তালেব মিয়া। আহতদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—খোকন মাদবর (৩২), ছাত্রলীগ নেতা আসিফ বাবু, ব্যবসায়ী মো. ফারুক সরদার (৩৫), রাজন খান (৫৫), খোকন শেখ (৪৫), মাদবর মনির সরদার (৩৫), দিদার শিকদার (২৬) ও ইউসুফ সরদার (৪০)। তালেবসহ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোকন শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে মাদবরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামে খেলার সময় শিশুদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার মাদবর বংশ ও সরদার বংশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল শনিবার রাতে এ নিয়ে বিসমিল্লাহ মার্কেটে সালিশ-বৈঠকে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। স্থানীয় নেতারা বিষয়টি সুরাহার জন্য আজ বেলা ১১টায় সালিশি বৈঠক ডাকে। কিন্তু এর আগেই সকালে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ১১ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় এক পুলিশ সদস্যের গুলিতে শিবচর থানার সেকেন্ড অফিসার মো. তালেব মিয়ার বাঁ পায়ে গুলি লাগে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা, দুই পক্ষের মধ্যকার সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে এসআই আবু তালেব আহত হয়েছেন। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর