নারায়ণগঞ্জে ১৬টি বোমা, ইয়াবা, ফেনসিডিল জব্দ
নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১৬টি হাতবোমা, এক হাজার ৩০০ পিস ইয়াবা ও এক হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১৬টি হাতবোমা, এক হাজার ৩০০ পিস ইয়াবা ও এক হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মোকলেসুর রহমান জানান, ফতুল্লার তল্লার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু ও তাঁর সহযোগী দুলালকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ১৬টি হাতবোমা, এক হাজার ৩০০ ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
অপরদিকে সিদ্ধিরগঞ্জে শাহীনা বেগম নামের এক মাদক বিক্রেতাকে আটক করার পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী এক হাজার ৬৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ