ক্ষমতার অপব্যবহার করে টাকা কামানো বন্ধ করতে হবে
রাজনীতি করতে হলে জনগণকে ভালোবাসতে হবে। জনগণের কল্যাণে এলাকার উন্নয়ন করতে হবে। ক্ষমতার অপব্যবহার করে টাকা কামানো বন্ধ করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পাপন আরো বলেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নৌকার মাঝি। এখানে যারা আমার নৌকায় থাকতে চান, উন্নয়ন চান, জনগণের কল্যাণ করতে চান—তাদের আমার পিতার মতো নির্লোভ হতে হবে। আমি চাই ভৈরব-কুলিয়ারচরের রাজনীতি হবে পরিচ্ছন্ন, জনকল্যাণমুখী।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরব পৌরসভার মেয়র, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মির্জা সুলায়মান, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, জাহাঙ্গীর আলম সেন্টু, যুবলীগের সহসভাপতি আতিক আহমেদ সৌরভ, ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন।
সংবর্ধনা মঞ্চে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও ভারতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভৈরববাসীর সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভৈরববাসী এ সময় তাঁদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৭ মে অনুষ্ঠিত চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুলভাবে জয়লাভ করেন উপজেলার আগানগর ইউপি থেকে মো. মোমতাজ উদ্দিন, সাদেকপুরে আলহাজ আবু বকর সিদ্দিক, শিমুলকান্দিতে যোবায়ের আলম দানিছ, শিবপুরে মো. শফিকুল ইসলাম, কালিকাপ্রসাদে মো. ফারুক মিয়া ও শ্রীনগর ইউপিতে সার্জেন্ট (অব.) মো. আবু তাহের।
সংবর্ধনা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মো. লোকমান সরকারসহ উপজেলার শিমুলকান্দি ও শিবপুর ইউনিয়নের শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। পরে অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।

মোস্তাফিজ আমিন, ভৈরব