প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা ও আরজু আলিয়েভা।
আজ রোববার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (পিপল-টু-পিপল এক্সচেঞ্জ) আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা আজারবাইজানের রাজধানী বাকুতে তার একাধিক সফর এবং গত বছর অনুষ্ঠিত কপ–২৯ সম্মেলনের সময় প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান লেইলা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি পরিবেশ সংরক্ষণ, বিশেষ করে বন্যপ্রাণী রক্ষায় সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
এটি আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যাদের প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে জানানো হয়, সফরকালে লেইলা আলিয়েভা ও আরজু আলিয়েভা ঢাকায় একটি স্থানীয় প্রতিষ্ঠানে যান, যা এতিম ও অভিভাবকহীন শিশুদের সহায়তা করে।
তারা আরও জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন এবং আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণমূলক প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।
বাংলাদেশে আজারবাইজানের অনাআবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি বৈঠকে জানান, আসন্ন নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত নভেম্বরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট আলিয়েভকে অনুরোধ জানান এবং বলেন, ঢাকায় দূতাবাস স্থাপন হলে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মরশেদও উপস্থিত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক