বান্দরবানে ভূমিকম্প অনুভূত
বান্দরবানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯।
অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বান্দরবানের রুমা উপজেলায় (অক্ষাংশ: ২২.০৭ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমা: ৯২.৫১ ডিগ্রি পূর্ব)। উৎপত্তিস্থল থেকে বান্দরবান সদর উপজেলার দূরত্ব প্রায় ২৮৬ কিলোমিটার।
স্থানীয় বাসিন্দা হেলালুর রশিদ জানান, সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পে এলাকা কেঁপে উঠলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ছোটাছুটি শুরু করেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান