বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মৃত রবিউল ইসলামের (৩০) মরদেহ ফেরত দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জহুরপুরটেক সীমান্তে পতাকা বৈঠক শেষে তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
মৃত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, রাতে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রবিউলের মরদেহ বিজিবির মাধ্যমে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। এ সময় দুই দেশের পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রবিউল ইসলাম মৃগী রোগী ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর তিনি বিএসএফের হাতে আটক হন। এরপর হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে তীব্র শীত উপেক্ষা করে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন রবিউল। রোববার ভোরে বিএসএফের হাতে আটক হওয়ার পর তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে বিএসএফ তাকে হাসপাতালে ভর্তি করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে ঘটনার একদিন পর তার মরদেহ দেশে ফেরত পাঠানো হলো।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ