কুরিয়ার ভ্যানে ভারতীয় বিস্ফোরক, আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কুরিয়ার সার্ভিসের আড়ালে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় বিস্ফোরক ও চোরাচালান পণ্যসহ দুজনকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও কেওডালা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পণ্য পরিবহণে ব্যবহৃত কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- কাভার্ডভ্যান চালক মো. আকরাম (৩৫) ও হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫)।
র্যাব সূত্রে জানা গেছে, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কেওডালা বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটিকে থামার সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক জবাব দিতে না পারায় কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে কাভার্ডভ্যানটি থেকে ৯৬ হাজার ৬৫০ পিস ভারতীয় বিস্ফোরক ও আতশবাজি উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, হেয়ার অয়েল, মেহেদি, কসমেটিকস ও আগরবাতিসহ মোট ১৩ ধরনের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটক ব্যক্তিরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা আরও ১০-১২ জনের একটি চক্রের সঙ্গে যোগসাজশে দীর্ঘ দিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে এনে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।
নারায়ণগঞ্জ র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, জব্দকৃত মালামালসহ আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)