মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলা, নৈশপ্রহরীর মৃত্যু
মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত নৈশপ্রহরী জাহাঙ্গীর খাঁর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহাঙ্গীর খাঁ মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় কয়েকজন যুবক মার্কেটের ভেতরে প্রবেশ করে তার কক্ষের মধ্যে জুয়া খেলতে বসে। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, একই এলাকার ইউসুফ আকন ও তার সঙ্গে থাকা লোকজন জাহাঙ্গীর খাঁর ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও দুইজন আহত হন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জাহাঙ্গীর খাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় মরদেহ মাদারীপুরে আনা হলে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আকাশ খান বলেন, “একজন নৈশপ্রহরীকে এভাবে হত্যা করা অত্যন্ত ন্যক্কারজনক। বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। পরিবারটি এখন সম্পূর্ণ অসহায়।”
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখনো কাউকে আটক করা হয়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর