চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
বরগুনার সদর উপজেলায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ সোমবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন অটোরিকশাচালক বেল্লাল (৩৫) ও তার স্ত্রী কমলা (২৮)।
স্বজনরা জানায়, গতকাল রোববার (৫ জুলাই) রাতে নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দিয়ে রাখেন বেল্লাল। আজ সকালে চার্জারের সংযোগ খুলতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী কমলা ও মেয়েও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। তাদের মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত বেল্লালের প্রতিবেশী ফিরোজা বলেন, চার্জে থাকা অটোরিকশা আনতে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুতায়িত হন। তাকে ছাড়াতে গেলে তার স্ত্রী ও মেয়েও বিদ্যুতায়িত হন।
বরগুনা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী বলেন, সকালে বেল্লাল ও কমলা নামে দুজনকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পর্শে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)