এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
মাত্র এক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের সাধারণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন, তা তুলে ধরা হলো।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডায় এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকাল ৯টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনের ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পাইলট হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। দলের সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন ভোট দেবেন কাউনিয়ার ভায়েরহাট কেন্দ্রে (টেপা মধুপুর)।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সকাল ৮টায় নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এ ছাড়া ঢাকা-৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

এনটিভি অনলাইন ডেস্ক