মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৯
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চারজন টেঁটাবিদ্ধসহ অন্তত নয়জন আহত হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেঁটাবিদ্ধদের মধ্যে রয়েছেন ইমরান (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) ও রিয়াজুল (২০)। আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
টেঁটাবিদ্ধ অবস্থায় রিয়াজুল ও ইমরানকে প্রথমে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানায়, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাদবর ও জহিরুদ্দিন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। নির্বাচনকে সামনে রেখে সেই বিরোধ নতুন করে চরম আকার ধারণ করে। আজ দুপুরে জহিরের পক্ষের সদস্য সোহাগ গাজী মার্কেট এলাকায় পাইপ ফিল্টারের কাজ করতে গেলে কালাইচান পক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র, টেঁটা ও রামদা নিয়ে তার ওপর হামলা চালায়।
অভিযোগে জানা গেছে কালাইচান পক্ষের হাবি, জহিরুদ্দিন, সেলিম, রিফাত শাওন, সুজন, ইমন, নয়ন, আমজাদ, মারুফসহ আরও কয়েকজন এ হামলায় অংশ নেন। পরে সোহাগকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এতে টেঁটাবিদ্ধসহ আরও কয়েকজন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ