নাটোরে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৭৫০৮ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাটোর জেলার ১১ হাজার ১১৩ ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে আজ পর্যন্ত সাত হাজার ৫০৮ ভোটারের পোস্টাল ভোট রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। মোট ৫৬৬টি ভোটকেন্দ্র ছাড়াও যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আসন ভিত্তিক চারটি কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে পিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। সাড়ে ৪টার পর প্রতিটি পোস্টাল ভোটকেন্দ্রে ভোট গণনা শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল আসিফ আব্দুল্লাহ, বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আব্দুল ওয়াহাবসহ প্রশাসনের কর্মকর্তারা।

হালিম খান, নাটোর