দিনাজপুর নার্সিং কলেজে চাকরি মেলা
‘একটাই লক্ষ্য-হতে হবে দক্ষ’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর নার্সিং কলেজের আয়োজনে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ ড. কহিনূর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসেট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক ডা. মেহবুবা সাঈদ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান।
মেলায় বক্তব্য দেন, টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ল্যাম্ব লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের অধ্যক্ষ স্মিতা হাসদা ও টিএমএসএস নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ রীতা রাণী পাল। এছাড়াও স্থানীয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চাকরি মেলায় মোট ৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়, যেখানে নার্সিং সম্পন্ন করা শতাধিক চাকরিপ্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে যোগ্য প্রার্থীদের চাকরির নিয়োগপত্র প্রদান করে।
উল্লেখ্য, দিনাজপুর নার্সিং কলেজ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী সফলভাবে শিক্ষা জীবন শেষ করে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কর্মসংস্থানের মাধ্যমে চিকিৎসা সেবায় অবদান রাখছেন।

ফারুক হোসেন, দিনাজপুর