তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
সারাদেশে আগামী পাঁচ দিন রাতের ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই আবহাওয়ার প্রভাবে আগামী কয়েক দিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। বিশেষ করে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রাতের তাপমাত্রা বৃদ্ধির গতি আরও বাড়তে পারে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি নাগাদ দিন ও রাতের তাপমাত্রা উভয়ই তুলনামূলক বেশি থাকবে।
আবহাওয়া অফিসের এই তথ্য অনুযায়ী, শীতের আমেজ বিদায় নিয়ে ধীরে ধীরে বসন্তের উষ্ণতা বাড়তে শুরু করবে।
ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় শুষ্ক অনুভব হচ্ছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে স্পষ্টভাবে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকতে পারে, যা শীতের বিদায়ের ইঙ্গিত দিচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক