নিখোঁজের ১১ দিন পর যমুনা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ১১ দিন পর আমিনুল ইসলাম খোকা (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার খানপাড়া এলাকা সংলগ্ন নদী থেকে বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মোল্লারচর এলাকার বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি তিনি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে নৌকায় করে রওনা দিয়েছিলেন। সানন্দবাড়ি মোল্লারচর ঘাট থেকে বালাসীঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে যমুনা নদীর মাঝখানে তিনি হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান। ওই সময় নৌকার অন্য যাত্রীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের দীর্ঘ ১১ দিন পর শুক্রবার বিকেলে চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার খানপাড়া এলাকায় যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক নৌকার মাঝি। তিনি তাৎক্ষণিকভাবে মরদেহটি আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিখোঁজ বৃদ্ধের স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমিনুল ইসলামের মরদেহ শনাক্ত করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, পুরো বিষয়টি বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশ তদারকি করছে। সানন্দবাড়ি থেকে আসা আত্মীয়-স্বজনরা মরদেহ শনাক্ত করার পর এবং তাদের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর